হাতিয়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরজু আক্তার,  হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওছখালী-তমরুদ্দি সড়ক সংলগ্ন মো. মিরাজের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। মুখে পাকা দাড়ি, মাথায় সাদা-কালো চুল এবং গায়ের রং শ্যামলা। মরদেহের পরনে ছিল হালকা গোলাপি রঙের ফুলহাতা শার্ট ও নীল-খয়েরি রঙের লুঙ্গি। লুঙ্গির ভাঁজে ৬৫ টাকা খুচরা পাওয়া গেছে।


প্রাথমিকভাবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া আংশিক খসে গেছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় বাসিন্দাদের কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি। পরিচয় উদ্ঘাটনের লক্ষ্যে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, পরিচয় শনাক্তের জন্য মৃত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে পিবিআই নোয়াখালীকে অবহিত করা হয়েছে।


তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিচয় শনাক্তের স্বার্থে ডিএনএ নমুনা সংরক্ষণের আবেদন করা হয়েছে। পরিচয় শনাক্ত না হলে ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম, নোয়াখালীর কাছে হস্তান্তর করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ