মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মোছাঃ সুলতানা রাজিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ধর্ষণের আলামত নষ্ট’ সংক্রান্ত অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় ভুইয়াগাঁতী মমজান সুপার মার্কেটে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতানা রাজিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। বিশেষ করে মানবাধিকার কর্মী পরিচয়দানকারী মোঃ ফয়সাল বিশ্বাস তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
তিনি জানান, ঘটনার দিন সকাল ৯টা ৫৩ মিনিটে তিনি নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করেন। তার জানা মতে, ওইদিন কথিত ভুক্তভোগী শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়নি এবং কোনো চিকিৎসকের কাছেও চিকিৎসা নেয়নি। তাই আলামত নষ্ট করার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
সুলতানা রাজিয়া আরও বলেন, একটি স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এর ফলে তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :