এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার চারজন শিক্ষক, ১৫ জন শিক্ষার্থী ও একজন কর্মচারী রয়েছেন। তারা হলেন মো. দেলোয়ার হোসেন (সিনিয়র শিক্ষক, দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসা), মো. ইব্রাহীম (সহকারী শিক্ষক) মো. আলতাফ হোসেন (সহকারী শিক্ষক) রতন চন্দ্র দে (চতুর্থ শ্রেণির কর্মচারী) উদয় (শিক্ষার্থী)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে বেগমগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় বনাম দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার মধ্যকার ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। খেলায় রেফারি ও ম্যাচ পরিচালনার অব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে এক গণিতের শিক্ষককে দিয়ে ম্যাচ পরিচালনা করান লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন। এ বিষয়ে প্রতিবাদ জানালে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কিছু শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে দুর্গাপুর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ২৪ জন আহত হন। অভিযোগের বিষয়ে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান বলেন, ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে গুরুতর কোনো সংঘর্ষ বা বড় ধরনের আহতের তথ্য মেলেনি। খেলার মাঠে সাধারণত এ ধরনের ছোটখাটো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে।
আপনার মতামত লিখুন :