॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউপির বাড়াইজুরী গরীবশাহ দাখিল মাদ্রাসায় বুধবার (২৬ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পবিত্র কুরআন তেলোয়াত, হাম-নাত ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাড়াইজুরী গরীবশাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইসমাইল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার এবং প্রধান বক্তা হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা মো. সাইয়েদ আহম্মদ বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাড়াইজুরী গরীবশাহ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. হাফিজুর রহমান।
প্রধান অতিথি চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মাধ্যমে মাদ্রাসায় একটি ভবন নির্মানের ব্যাপারে আশ^াস ব্যক্ত করেন। একই সাথে মাদ্রাসার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিক ভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অন্যান্য অতিথিবৃন্দ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. ইজাজুল হক, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), পবিত্র কুরআনে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে মৌলিক নীতি এবং হযরত মুহম্মদ (সাঃ) এর বিদায় হজের ভাষণের উপর বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা মো. সাইয়েদ আহম্মদ।
পবিত্র কুরআন তেলোয়াত, হাম-নাত ও রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
চন্দনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন, চন্দনী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, চন্দনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আতিয়ার সরদার, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :