মোঃ জমির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার কাগজপুকুরে কাগজপুকুর ক্রীড়া সংস্থার উদ্যোগে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা আয়োজন করা হয়। খেলাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যাচে বিবাহিত ফুটবল একাদশ ও অবিবাহিত ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি। সভাপতিত্ব করেন কাগজপুকুর ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিরুল ইসলাম।সহ-সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
খেলায় আরও উপস্থিত ছিলেন টিম ম্যানেজার আমিনুর রহমান আমিন এবং টিম নির্ধারক মো. ইমাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আতিকুজ্জামান সনি বলেন, “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়। তরুণ সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। খেলাধুলাই পারে যুবসমাজকে সুস্থ ও মানবিক পথে পরিচালিত করতে।”
তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের মাঝে দুটি ফুটবল উপহার প্রদান করেন। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তাদের মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিজানুর রহমান ও আব্দুল মালেক। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
খেলার ফলাফল বিবাহিত-০৩ অবিবাহিত ০২.বিবাহিত-০৩ গোল করে জয়লাভ করেন। স্থানীয়দের মতে, কাগজপুকুরে এমন আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
আপনার মতামত লিখুন :