তজুমদ্দিনে প্রশাসনের নীরবতা: রাতের আঁধারে চলছে ইলিশ নিধনের মহোৎসব।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মমিনুল ইসলাম,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:


ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রমের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে মা ইলিশ নিধন। অভিযোগ উঠেছে, স্থানীয় মৎস্য বিভাগের রহস্যজনক নীরবতার সুযোগ নিয়ে জেলেরা রাতের আঁধারে নির্বিচারে ইলিশ শিকার করছে। এতে চরম হুমকির মুখে পড়ছে ইলিশের প্রজনন লক্ষ্যমাত্রা।


স্থানীয় সূত্রে ও সরজমিনে দেখা গেছে, মেঘনা নদীর তজুমদ্দিন সংলগ্ন বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর থেকেই শত শত নৌকা নিয়ে জেলেরা নদীতে নেমে পড়ছে। বিশেষ করে চৌমুহনী ঘাট, স্লুইস ঘাট, ও কাটাখালী সংলগ্ন এলাকায় রাতভর চলে জাল ফেলার ব্যস্ততা। দিনের বেলায় নদী কিছুটা শান্ত থাকলেও সূর্য ডোবার সাথে সাথেই পাল্টে যায় দৃশ্যপট।


এর ফলে মা ইলিশের পাশাপাশি প্রচুর জাটকা ও অন্যান্য প্রজাতির পোনা মাছও ধ্বংস হচ্ছে। গভীর রাতে নদী থেকে ইলিশ ধরে এনে ভোরের আলো ফোটার আগেই গোপনে কতিপয় অসাধু চক্র এই মাছগুলো মজুত করে পার্শ্ববর্তী বিভিন্ন হাট-বাজারে কৌশলে সরবরাহ করছে।এমনকি তজুমদ্দিনের শশীগঞ্জ বাজারের ও প্রকাশে ইলিশ বিক্রয় করতে দেখা যায়।


​স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযান পরিচালনার কথা থাকলেও বাস্তবে নদীতে প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। স্থানীয় বাসিন্দারা জানান ​"আমরা দেখছি রাতভর জেলেরা মাছ ধরছে, কিন্তু তাদের ধরার কেউ নেই। প্রশাসনের এমন নীরবতা আমাদের অবাক করছে। এভাবে চলতে থাকলে আগামীতে নদীতে মাছের আকাল দেখা দেবে।"


​এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। জনবল সংকটের কারণে অনেক সময় সব এলাকায় একযোগে অভিযান চালানো সম্ভব হয় না।তবে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ