নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৯ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন গাজীপুর, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির টহলদল পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা চোরাচালানি মালামাল জব্দ করে।

গাজীপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪ এস-এর কাছাকাছি সাতক্ষীরা সদর উপজেলার বেলতলা এলাকা থেকে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অপরদিকে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এর ৩ ও ৪ আরবি সংলগ্ন কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে।
এছাড়া সুলতানপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস সংলগ্ন কলারোয়া উপজেলার বরমিতলা এলাকা থেকে ৯০ বোতল এসকাফ (Eskuf) কফ সিরাপসহ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় পণ্যের চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও দেশীয় শিল্প সুরক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :