আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ডের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে নির্যাতন ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরকিং ইউনিয়ন এর ভৈরব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ী আমজাদ হোসেন বিদ্যুতের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভৈরব বাজার বণিক সমিতির আহ্বায়ক কবির মিয়া, ব্যবসায়ী রাশেদ, নাজিম, ইরাক, স্বপনসহ ভুক্তভোগীর স্বজনরা। ভৈরব বাজার বণিক সমিতির আহ্বায়ক কবির মিয়া বলেন, “বিদ্যুৎ একজন সাধারণ ব্যবসায়ী। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল না।”

ভুক্তভোগীর মা লুৎফে আরা বেগম অভিযোগ করে বলেন, “কোস্টগার্ড সদস্যরা আমার ছেলেকে বাজার থেকে হাত বেঁধে বাড়িতে নিয়ে আসে। পরে ছাদে তুলে মারধর করে। তার চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। এরপর তাকে হাঁস-মুরগির খোপে ঢুকিয়ে সেখান থেকে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়।”
তিনি আরও বলেন, “আমি তাদের বলেছি, সন্ধ্যায় আমি নিজেই হাঁস-মুরগি বেঁধেছি। তাহলে সেখানে অস্ত্র এলো কীভাবে? এটি পরিকল্পিত ষড়যন্ত্র।” বিদ্যুতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করেন, “স্বামীকে বিনা দোষে মারধর না করতে বলায় কোস্টগার্ড সদস্যরা আমাকে গালিগালাজ করে ধাক্কা দেয়। এছাড়া ঘরে থাকা স্বর্ণালংকার ও ব্যবসার নগদ টাকাও নিয়ে যায়।”
ভুক্তভোগী আমজাদ হোসেন বিদ্যুৎ (৩৬) চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের হাজী আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় ভৈরব বাজারের একজন দোকানদার।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, কোস্টগার্ডের নির্যাতনের সময় বিদ্যুতের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে কোস্টগার্ড সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। মানববন্ধন ও বিক্ষোভে প্রায় দুই সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন বলে দাবি করেন আয়োজকরা।
উল্লেখ্য, শনিবার সকালে অস্ত্রসহ আমজাদ হোসেন বিদ্যুৎকে হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এর আগে শুক্রবার রাতে চরকিংয়ের ভৈরব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির হাঁস-মুরগির ঘর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করে কোস্টগার্ড। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :