জলাবদ্ধতা নিরসনে সুবর্ণচরে সংযোগ খাল সংস্কার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


নোয়াখালীর সুবর্ণচরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চরবাটা খাসেরহাট এলাকার চৌধুরী মার্কেট থেকে হেডম মার্কেট সংলগ্ন বাঁশখালী খাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সংযোগ খাল সংস্কার ও পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের আওতায় চরবাটা খাসেরহাটের দক্ষিণ পাশে অবস্থিত চৌধুরী মার্কেট থেকে পূর্ব দিকে জয় মার্কেট হয়ে হেডম মার্কেট পর্যন্ত সরু খালটি ভেকু মেশিনের মাধ্যমে খনন ও পরিষ্কার করা হয়। এর ফলে এলাকার জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয়ে বাঁশখালী খালের মাধ্যমে প্রবাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক বছরে এলাকায় ব্যাপক জনবসতি ও বসতবাড়ি গড়ে ওঠায় খালের দুই পাশে বর্জ্য, ময়লা-আবর্জনা এবং রাস্তা থেকে ক্ষয়ে যাওয়া মাটি জমে খালটি প্রায় ভরাট হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হতো।


খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


এ সময় স্থানীয় বাসিন্দারা খালসংলগ্ন প্রায় আধা কিলোমিটার অভ্যন্তরীণ কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের দাবি জানান। তারা বলেন, খালের পানি নিষ্কাশনের ব্যবস্থা হলেও কাঁচা সড়কের কারণে বর্ষা মৌসুমে চলাচলে এখনও দুর্ভোগ পোহাতে হয়।


স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান সড়কটি পরিদর্শন করেন এবং ভবিষ্যতে সড়কটি উন্নয়ন প্রকল্পের আওতায় এনে পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এলাকাবাসী জানান, খাল সংস্কারের ফলে বহুদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের পথ তৈরি হয়েছে। পাশাপাশি সংলগ্ন সড়কটি পাকাকরণ করা হলে এলাকার মানুষের চলাচল, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক জীবনমান আরও উন্নত হবে।


স্থানীয়দের প্রত্যাশা, খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি অভ্যন্তরীণ সড়কটিরও দ্রুত উন্নয়ন করা হবে, যাতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে দূর হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ