মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে চর আমান উল্লাহ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোরগ্যাং বিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর স্থানীয় বগার বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে তরুণ সমাজসেবক আরমান হোসেনের সঞ্চালনায় এবং চর আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসেন আহমেদ দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরজব্বর থানার ওসি রফিকুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, বিএনপি নেতা আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন ছুটু মেম্বার, বগার বাজার বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আবুল কাশেমসহ অনেকে।
বক্তারা মাদকের ক্ষতিকর দিক ও এর বিস্তার রোধে করণীয় নিয়ে আলোচনা করেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সহযোগিতা ও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি মাদকের প্রভাবে সংগঠিত অন্যান্য অপরাধের নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা করা হয়। এসব অপরাধ দূরীকরণে সামাজিকভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ও মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের সদস্যবৃন্দসহ বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার সচেতন জনসাধারণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :