মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী ও চর পল্লবী থেকে স্বর্ণদ্বীপগামী প্রস্তাবিত দুটি ঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কৃষক, খামারি ও জেলেরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কাটাখালী ঘাট এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী অংশ নেন। তাদের অভিযোগ, ঘাট দুটি ইজারা কার্যকর হলে স্বর্ণদ্বীপে কৃষিকাজ, পশুপালন ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত হাজারো মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাবে এবং নিত্যদিনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হবে।
মানববন্ধনে বক্তারা জানান, ২০১৭ সাল থেকে তারা স্বর্ণদ্বীপের বিভিন্ন চরে কৃষিকাজের পাশাপাশি গরু, মহিষ ও ভেড়া পালন করে আসছেন। এছাড়া স্থানীয় জেলেরা মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে কৃষক, রাখাল ও জেলেরা নিজস্ব ট্রলারে দিনরাত যেকোনো সময় কোনো ধরনের টোল ছাড়াই এসব ঘাট ব্যবহার করে আসছেন।
তাদের দাবি, সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে জেলা পরিষদের মাধ্যমে ঘাট দুটি আব্দুর রহমান খোকন নামে এক ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়েছে। ইজারা কার্যকর হলে সাধারণ ব্যবহারকারীদের অতিরিক্ত টোল দিতে হবে, যা কৃষক ও জনস্বার্থের পরিপন্থী।
আন্দোলনকারীরা আরও বলেন, স্বর্ণদ্বীপের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাত থেকে সরকার প্রতিবছর উল্লেখযোগ্য রাজস্ব পায়। ঘাট ইজারা কার্যকর হলে উৎপাদন ব্যয় ও যাতায়াত খরচ বাড়বে, যার ফলে কৃষি ও মৎস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ পরিস্থিতিতে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে কাটাখালী ও চর পল্লবী থেকে স্বর্ণদ্বীপগামী ঘাটের ইজারা বাতিল এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :