মোঃ নাঈম সিরাজী, শাহজাপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনায় শিশুটিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেনের গোয়ালঘরের পাশেই টয়লেট নির্মাণ করছিলেন তার চাচাতো ভাই হামেদ আলী। এ সময় মাটি ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়।
এ সময় হামেদ আলীর পক্ষ নিয়ে তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ফারুক হোসেনের ওপর হামলা চালায়। পরিস্থিতি খারাপ দেখে ফারুক তার শিশুসন্তানকে কোলে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন।
তবে হামলার এক পর্যায়ে চাপাতির আঘাতে তিনি আহত হন এবং কোলে থাকা শিশু মাটিতে পড়ে যায়।
পরে হামলাকারীরা শিশুটির ওপরও আঘাত হানে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :