রামগতিতে বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 'ইনোভেশন আইডিয়া শোকেসিং' ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

​রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি


 শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপী "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। 'মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবমুখর প্রদর্শনীর আয়োজন করা হয়।


​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সেসিপ (SESIP)-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)' এর সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা তাঁদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও সৃজনশীল স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও বাস্তব জীবনের নানা সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


​বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—আ স ম আবদুর রব সরকারি কলেজের প্রভাষক কানিজ ফারহানা, উপজেলা আইসিটি কর্মকর্তা বেনজির আহমেদ এবং জেলা প্রতিনিধি সুপ্রতিম কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করতে উদ্বুদ্ধ করবে, যা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রজেক্ট ও উদ্ভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ