এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ এক সন্তঅসীকে গ্রেফতারের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ নোয়াখালীর সদর সার্কেল ও সুধারাম মডেল থানা পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী এবং মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, সুধারাম মডেল থানা।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি সুধারাম মডেল থানা এলাকায় পরিচালিত একটি বিশেষ সফল অভিযানে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৭,০০০ টাকা, ২টি মোবাইল এবং ২টি মোটরসাইকেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এই সাহসী ও ফলপ্রসূ অভিযানের মূল নেতৃত্বে ছিলেন উক্ত কর্মকর্তাগণ।
নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সুধারাম মডেল থানা পুলিশ ও সদর সার্কেলের এই সফল অভিযান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরো জানান, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :