মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুবর্ণচর উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে A+ সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার খাসের হাট সংলগ্ন প্রশান্তি কনভেনশন হলে সুবর্ণচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা দক্ষিণ শাখার অফিস সম্পাদক কাউছার হোসাইনের সঞ্চালনায় এবং জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসেন সিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জামাল উদ্দিন, শিবিরের সাবেক নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি ডা. মিরাজুল ইসলাম, সাবেক জেলা দক্ষিণ সভাপতি হেদায়েত উল্ল্যাহ মাসুদ, শিবিরের সাবেক সুবর্ণচর উপজেলা সভাপতি হাফেজ সৈয়দ আহমেদ হেলালসহ অনেকে।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন এবং নিজ নিজ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। মেধা, মনন ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার জন্য বিভিন্ন পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :