রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকালে এ উপলক্ষে রামগতি পৌরসভার নিজেরা করি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজেরা করির বিভাগীয় প্রশিক্ষক সবিতা তালুকদার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ, রামগতি প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি শাহাবুদ্দিন, নিজেরা করির অঞ্চল সমন্বয়কারী স্বপ্না বিশ্বাস, ভূমিহীন আঞ্চলিক সভাপতি ছিদ্দিকুর রহমান, প্রবীণ ভূমিহীন নেতা আবু হানিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিহীন নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নিজেরা করির সাংস্কৃতিক কর্মীরা নাটক, গান, জারি, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে ভূমিহীন সংগঠনের সহস্রাধিক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :