এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি।।
নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশ।
সর্বশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার দিবাগত রাত থেকে রোববার (৭ জুন) ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন।
সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সরিয়ে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।
একই আদেশে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পুলিশের চিরুনি অভিযান চলছে। গত দুই দিনে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :