নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:


‎নোয়াখালী জেলা শহরের মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে ১৪২ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজনে কারচুপি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই অপরাধে জড়িত থাকার দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎‎রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাইজদী পৌর বাজারে একদল অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করে ওজন বাড়িয়ে ক্রেতাদের ঠকিয়ে আসছিলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আজ বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর মজুত করা চিংড়িতে ক্ষতিকর জেলির উপস্থিতি হাতেনাতে শনাক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে জেলি মিশ্রিত মোট ১৪২ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

‎​ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী এ কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সংবাদমাধ্যমকে বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং খাদ্যে ভেজাল ও প্রতারণা রোধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

‎​অভিযানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন।


‎​উল্লেখ্য, জনস্বার্থ রক্ষায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের এমন তৎপরতা এটাই প্রথম নয়। এর আগেও তিনি স্থানীয় ফসলি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ