॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।
জানা যায়, তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ, অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, জাতীয় পর্যায়ে ইনোভেশন প্রতিযোগিতায় কাজী আব্দুল মাজেদ একাডেমী ও বুদ্ধিবৃত্তিক অ্যাসাইনমেন্ট প্রতিযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি যোগদান করেন।
পাংশা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন বলেন, আমরা শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা দিতে চাই। বেকার সংখ্যা যেন কোনো ভাবেই না বাড়ে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে স্কুল পর্যায় থেকেই বিজ্ঞানমনস্ক হয়, এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। বর্তমানে এআই যুগ। আমাদের যুগোপযোগী শিক্ষার দিকে ধাবিত হতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পেশাভিত্তিক দল গঠন করে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পথ সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান ও পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাজবাড়ী বিআরডিবি’র উপ-পরিচালক লুৎফুন নাহার, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. মো. আশিকুজ্জামান, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :