এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা এবং থানায় মামলা গ্রহণে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা এতে সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের সরকারি বরাদ্দ অর্থ আত্মসাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান। এই সত্য প্রকাশের জেরে তাদের ওপর হামলা চালানো হয় এবং সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা মামলা করতে থানায় গেলেও সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মামলা না নিয়ে কেবল সাধারণ অভিযোগ রেখে দেন। গত চার দিনেও মামলা রেকর্ড না করে তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে। উল্টো কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই আহত সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির পাল্টা অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। এমনকি চড়ুইভাতি পার্টি সেন্টার এ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও এখন পর্যন্ত পুলিশ সংগ্রহ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ,নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল ও যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল,এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান।
আরটিভি ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল,সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুর আলম বিপ্লব,সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ প্রমুখ।
সাংবাদিক নেতারা , সত্য ও তথ্যভিত্তিক দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার শামিল বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :