মো. রেদোয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নোয়াখালীর সুবর্ণচরে ২৬৩ জন কৃষকের মাঝে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় সুবর্ণচর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আম, লিচু, সফেদা, শরিফা, কাঁঠাল, তাল, আতা, তেঁতুল, বাতাবিলেবু, মাল্টা, জলপাই, কদবেল, অর্জুন, মেহগনি, সুপারি, আমড়া, আমলকি, নিম, জারুল, বেল, বহেরা, রেইনট্রি, খেজুর, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের গোবর সার ও গাছের খুঁটিও প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যেই এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন এই কর্মসূচির আওতায় আরো ৬০০ কৃষককে ৫ টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :