এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীতে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, মিথ্যা প্রচার ও উচ্ছেদ হুমকির তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। শনিবার (১ আগস্ট) দুপুরে জেলা সভাপতি রিপন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নোয়াখালী জেলা স্কুল মাঠে কওমি ও হেফাজত নেতাকর্মীদের সমাবেশে নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার পুলিশি শর্ত লঙ্ঘন করা হয়েছে। এছাড়া গত ১০-১৫ দিন ধরে বিভিন্ন মসজিদে উসকানিমূলক বয়ান ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, হেযবুত তওহীদ ইসলামের প্রকৃত আকিদা-বিশ্বাসে আস্থাশীল হওয়া সত্ত্বেও তাদের 'কাফের' আখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সংগঠনটির দাবি, দীর্ঘ ৩১ বছরে বিভিন্ন মিথ্যা মামলায় তারা আদালত থেকে বেকুসুর খালাস পেয়েছে এবং কখনো আইন অমান্য করেনি। সংগঠনটি ২০১৬ সালের সোনাইমুড়ীর পোরকরা এলাকায় হামলার মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করে বর্তমান উসকানিতে সদস্যরা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
শর্ত লঙ্ঘনকারী বক্তা ও আয়োজকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া। নোয়াখালীসহ সারাদেশে নেতাকর্মী এবং সোনাইমুড়ীর পোরকরা এলাকার উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা জোরদার করা। সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
এছাড়াও এই উস্কানিমূলক সমাবেশের কারণে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সারাদেশে সংগঠনটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর প্রশাসনসহ স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয় ওই প্রেরিত বার্তায়।
আপনার মতামত লিখুন :