মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে 'মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্ম' এর চর জুবিলী ইউনিয়ন টিমের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অলি উদ্দিন আহমেদ অডিটোরিয়াম হলে এ সভার আয়োজন করা হয়। মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের চর জুবিলী ইউনিয়নের অন্যতম সংগঠক মো. সাইফ উল্যাহ (সবুজ) ও সংগঠনের সমন্বয়কারী মো. এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ, জেলা উপপরিচালক সাইফুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী নিজাম উদ্দিন ফারুক, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল বাবলা কান্তি দেবনাথ, চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের উপদেষ্টা মো. নিজাম উদ্দিন, পরিবেশ ও মানবাধিকারকর্মী সাগর হোসেন রনি।
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ছালেহ উদ্দিন চৌধুরী, তরুণ সমাজসেবক ও আইনজীবী আব্দুল ওয়াহেদ, মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের উপজেলা সংগঠক তালহা মোহাম্মদ সিফায়েত উল্লাহ, থানারহাট কলেজের প্রভাষক কামাল উদ্দিন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও গণমাধ্যমকর্মী মো. রেদওয়ান হোসেন, সাংবাদিক আব্দুল জব্বার এবং যুব সংগঠক বাদশা আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সুবর্ণচরে মাদকের ভয়াবহ বিস্তার, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মাদকচক্র ও তাদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়ন ও গ্রামভিত্তিক কমিটি গঠন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা প্রণয়ন, মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ও সংগঠকদের অংশগ্রহণে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি র্যালি অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :