আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় হাতিয়া সুপার মার্কেট এবং দুপুর ১টায় জাহাজমারা উপশাখায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ, গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষকে ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বণিক।
পূবালী ব্যাংক পিএলসি হাতিয়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন হাতিয়া সুপার মার্কেটের সভাপতি আমজাদ হোসেন সাদ্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহেদ উদ্দিন, জাহাজমারা উপশাখার কর্মকর্তা মেহেদী হাসান, ব্যাংক কর্মকর্তা জাহেদুল ইসলাম ও মো. মহসিন এবং জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাইন উদ্দিন খোকনসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা নগদ লেনদেনের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সমাজ গঠনে পূবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ডিজিটাল ও রিটেইল পণ্য এবং মোবাইল অ্যাপ ‘পাই’-এর সুবিধাসমূহ সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে বর্তমান ওছখালী পুরান বাজারের পুরোনো ও জরাজীর্ণ ভবন থেকে ব্যাংকের শাখাটি প্রধান সড়কের কোনো আধুনিক ভবনে স্থানান্তরের দাবি জানান। তাদের মতে, এতে অধিকসংখ্যক গ্রাহক সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
তিনদিনব্যাপী এ ক্যাম্পেইন উপলক্ষে হাতিয়া সুপার মার্কেট ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে দুটি অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। সেখানে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, ‘পাই’ অ্যাপে নিবন্ধন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, বাংলা কিউআর ও পিওএস সেবাসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
এদিকে, হাতিয়া পৌরসভা ও জাহাজমারা বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌরসভা ও জাহাজমারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ঘটবে এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :