॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা বাজারে ফুটপাতে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা শনিবার (২৯ আগস্ট) উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের নেতৃত্বে আভিযানিক দল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী শহরের ব্যস্ততম এলাকা কালিবাড়ী তিন রাস্তা মোড়, স্টেশন সড়কসহ বাজারের মধ্যে বিভিন্ন সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার এসআই শাহরিয়ার ও এএসআই ইমরান হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পাংশা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির কর্মকর্তাবৃন্দ উচ্ছেদ অভিযানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হককে সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযানকালে বাজারের মধ্যে ফুটপাতের ফলের দোকান, কাপড়ের দোকানসহ ড্রেনের উপর থাকা দোকানীদের বিভিন্ন মালামাল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। সর্বস্তরের জনসাধারণ এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনকে প্রশংসা করেছে।
ফুটপাতের ফল ও কাপড়সহ নানান ধরণের দোকানদারদের হকার্স মার্কেট এবং কাঁচা বাজারে স্থানান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন।
উল্লেখ্য, পাংশা বাজারের ব্যস্ততম সড়কের ফুটপাত দখল করে দীর্ঘ দিন যাবত এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী দোকানপাট ও স্থাপনা গড়ে তোলে। এতে করে পাথচারীদের চলাচল ব্যাহত হয় এবং সড়কে যানজট হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। সফলভাবে উচ্ছেদ অভিযানের ফলে বাজারের মধ্যে ফুটপাতে জনদুর্ভোগ লাঘব হবে।
আপনার মতামত লিখুন :