মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক যুবকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পুকুরভর্তি মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয় যুবক মো. সিদ্দিকের মাছের ঘেরে দুর্বৃত্তরা গত সোমবার গভীর রাতে বিষ প্রয়োগ করে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘেরে থাকা মাছ হঠাৎ ভেসে উঠতে শুরু করলে বিষয়টি সিদ্দিকের নজরে আসে। পরে নিশ্চিত হওয়া যায়, পরিকল্পিতভাবে ঘেরে তরল বিষাক্ত পদার্থ নিক্ষেপ করা হয়েছে।
ভুক্তভোগী সিদ্দিক জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে তিনি ঘেরটি গড়ে তুলেছিলেন। মাছগুলো বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ ও পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেঙে গেছে। তিনি আরও বলেন, তার ঘের থেকে পোনা সংগ্রহ করে এলাকায় অন্তত ১০০ জন মাছচাষি উপকৃত হতেন। শখ ও সম্ভাবনার কথা ভেবে বড় অঙ্কের বিনিয়োগ করলেও এ ঘটনায় তিনি এখন দিশেহারা ও মর্মাহত।
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতা বা প্রতিহিংসার জেরে এ ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :