মমিনুল ইসলাম তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন থেকে মনপুরায় ইয়াবা পাচারের সময় ২৫২ পিস ইয়াবাসহ মো. তামজিদ (২০) নামের এক যুবককে আটক করেছেন মনপুরা উপজেলা কোস্টগার্ড টিম। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মনপুরা থানাধীন মেঘনা নদীসংলগ্ন লতার চর দক্ষিণ মাথা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে কোস্টগার্ড মনপুরা জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর লতার চর দক্ষিণ মাথা এলাকায় অবস্থান নেয়। এ সময় তজুমদ্দিন থেকে ইয়াবার চালান নিয়ে মনপুরায় প্রবেশকারী সন্দেহভাজন ওই যুবকের গতিবিধি তল্লাশি করে তার কাছ থেকে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মো. তামজিদ তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড কেয়ামুল্লা দর্জি বাড়ির মিজানুর রহমানের ছেলে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, কোস্টগার্ডের অভিযানে আটক মাদক কারবারি তামজিদকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে ভোলা কারাগারে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :