মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। মেয়েকে দ্রুত উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়া আক্তার মিরার বাবা মো. মোমিনুল ইসলাম।
২৭ (সেপ্টেম্বর) রোববার দুপুরে সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী।
মোমিনুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মিরা। পরে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন একটি হাইস গাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তারা জানতে পারেন।
এ ঘটনায় মোমিনুল ইসলাম সলঙ্গা থানায় মামলা করেন। তার দাবি, মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মেয়ের সন্ধান না পাওয়ায় সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন মোমিনুল ইসলাম। তিনি বলেন, এক মাসেরও বেশি সময় ধরে মেয়ের কোনো খোঁজ না থাকায় পরিবারের সবাই চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত মাহিয়া আক্তার মিরাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নিখোঁজ ছাত্রীর বাবা। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :