মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের এক বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবদুর রহমান নামে ৮নং ওয়ার্ডের স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ঘটনার পর ওই নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আব্দুর রহমান একই ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি এবং সম্ভাব্য ইউপি মেম্বার পদপ্রার্থী।
ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি জন্মগতভাবে বাক্প্রতিবন্ধী এবং কথা বলতে পারেন না। সম্প্রতি তাঁর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা একটি ক্লিনিকে পরীক্ষা করান। পরীক্ষায় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন তারা।
ভুক্তভোগীর মা হালিমা খাতুনের দাবি, মেয়েকে ইশারা-ইঙ্গিতে জিজ্ঞাসা করলে সে স্থানীয় মকবুল খাঁর ছেলে আবদুর রহমানের কথা জানায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, রহমানের ছবি দেখানো হলে ভুক্তভোগী তাঁকে শনাক্ত করেন। পানি আনতে বাড়ির পাশের নলকূপে যাওয়ার সময় রহমান তাঁকে জোর করে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলেও ইশারায় জানিয়েছেন বলে দাবি পরিবারের।
পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে সামাজিকভাবে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। এ সময় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি গর্ভের সন্তান নষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়। তবে ভুক্তভোগীর পরিবার এতে রাজি হয়নি। তারা ঘটনার সুষ্ঠু বিচার এবং গর্ভের সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ বিষয়ে সামাজিক সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে সালিশের আগে অভিযুক্ত আবদুর রহমান সংশ্লিষ্ট সভাপতিকে ফোন করে বৈঠকে উপস্থিত হবেন না বলে জানান। এতে সালিশ বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
ভুক্তভোগীর বড় ভাই মো. ফারুক বলেন, আমার বোন বাক্প্রতিবন্ধী। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে আমার বোনের গর্ভে থাকা সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে চাই। অভিযোগের বিষয়ে আবদুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। ভুক্তভোগীর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি জানা যাবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। এলাকাবাসী অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :