সুবর্ণচরে সংস্কারহীন কাদাময় সড়কে আটকে পড়া অটোরিকশা ঠেলছেন স্কুল শিক্ষক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ছিদ্দিক মার্কেট–সোলেমান বাজার সড়কের বেহাল অবস্থা আবারও সামনে এসেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ছে, ফলে চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী।


মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আব্দুর রব বাজার এলাকায় ভাঙা ও কাদাময় সড়কে আটকে পড়ে একটি অটোরিকশা। এ সময় একজন স্কুল শিক্ষক নিজেই অটোরিকশাটি ঠেলে পার করে দেন। ঘটনাটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং সড়কের করুণ অবস্থার বাস্তব চিত্র ফুটে ওঠে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই যানবাহন চলাচল প্রায় অচল হয়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে হচ্ছে।


কৃষকেরা জানান, এ সড়ক দিয়েই প্রতিদিন সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন করা হয়। অতিরিক্ত যানবাহন চলাচল ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পাকা সড়কের অধিকাংশ অংশ ভেঙে কর্দমাক্ত হয়ে গেছে। কোথাও কোথাও দেখে বোঝার উপায় নেই যে এটি একসময় পাকা সড়ক ছিল। ভাঙনের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।


এলাকাবাসীর দাবি, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের আবেদন জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার ও টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ