সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় শুভাষনি লাউতাড়া গ্রামে অবৈধ ও নিষিদ্ধ কীটনাশক এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল সার মজুত ও বিক্রির অভিযোগে মশিউর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বুধবার বেলা ১২টার দিকে তালা উপজেলার শুভাশিনী এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন র্যাব-৬(এরআরবি) এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের প্রায় ১৫০০ কেজি অবৈধ কেমিক্যাল জব্দ করেছে র্যাব-৬ (এরআরবি)সিপিসি-১।
র্যাব-৬ (এরআরবি) সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, শুভাশিনী এলাকায় দীর্ঘদিন ধরে এক ব্যবসায়ী নিষিদ্ধ কীটনাশক প্যারা কোয়াড (ঘাসমারা ওষুধ), জিংকসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সারের নকল মোড়ক ও কৌটা ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিল। অভিযান চালিয়ে মোট ৬০০ কেজি প্যারা কোয়াড এবং ৮৭০ কেজি জিংক ও অন্যান্য ভেজাল উপকরণসহ মোট ১৫০০ কেজি অবৈধ কেমিক্যাল উদ্ধার করা হয়।
অভিযান শেষে তালা উপজেলা নির্বাহি অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ও কীটনাশক আইনে অভিযুক্ত মশিউর রহমানকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :