শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ একই পরিবারের অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের দুই নারী সদস্যকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী আবু হুসাইন (২৮) জানান, উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় তাদের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে বুধবার (২৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের বসতভিটার উত্তর পাশের সীমানা পিলার উপড়ে ফেলে। এ সময় তার পিতা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
আবু হুসাইনের অভিযোগ, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তার ভগ্নিপতি বেলাল হোসেন, পিতা আব্দুল মজিদ গাজী, বোন মর্জিনা খাতুন, ভাই আবু হাসান ও ভাবী খাদিজা খাতুন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর কাটা ও আঘাতজনিত জখম হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় পরিবারের দুই নারী সদস্যের শ্লীলতাহানি করা হয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আবু হুসাইন বাদী হয়ে শ্যামনগর থানায় ৯ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা কোনো পরিকল্পিত হামলা কিংবা শ্লীলতাহানির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :