দোকান দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, ‎​ নোয়াখালী জেলা  প্রতিনিধিঃ


‎​নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে চার বছর ধরে দোকান জবরদখল, ভাড়া না দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আবুল খায়ের।

‎বুধবার (৮ জুলাই) দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

‎​লিখিত বক্তব্যে হাজী আবুল খায়ের জানান, ২০২২ সালের ১৫ নভেম্বর তিনি ওয়ারিশসূত্রে প্রাপ্ত মালিকদের কাছ থেকে বসুরহাট বাজারে অবস্থিত ছেরাজ প্লাজা ও হাজী মার্কেটে'র ৪ শতাংশ ৮০ পয়েন্ট সম্পত্তি ক্রয় করেন। এই দুই মার্কেটে মোট ২০টি দোকান রয়েছে। অভিযোগমতে, মার্কেট কেনার পর থেকেই ভাড়াটিয়া খায়রুল বাশারসহ অন্যরা গত চার বছর ধরে কোনো প্রকার ভাড়া পরিশোধ না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

‎​তিনি আরো অভিযোগ করেন, বৈধ মালিক হিসেবে ভাড়া দাবি করলে ভাড়াটিয়ারা প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিষ্পত্তির জন্য বসুরহাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। তিনি থানায় লিখিত অভিযোগ এবং পরবর্তীতে আইনি নোটিশ প্রদান করলেও দখলদাররা দোকান ছাড়েনি। উল্টো তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ৬ জুলাই তিনি আদালতে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।


‎পরিবার নিয়ে আজ তিনি পথে বসার উপক্রম। তিনি দ্রুত এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

‎​অভিযোগের বিষয়ে জানতে চাইলে মার্কেটের ভাড়াটিয়া ও মামলার আসামি খায়রুল বাশার পাল্টা অভিযোগ করেন। তিনি দাবি করেন, আবুল খায়ের যাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, তারা ওই সম্পত্তির বৈধ মালিক নন। খায়রুল বাশারের দাবি, আবুল খায়ের ভুয়া দলিল তৈরি করে মার্কেট দখলের চেষ্টা করছেন এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। তারা মার্কেটের প্রকৃত মালিকদের কাছে নিয়মিত ভাড়া পরিশোধ করছেন বলেও দাবি করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ