পাবনা জেলা প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের একাডেমিক অনন্য অবদান ও কর্মকাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন পাবনার ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পপাড়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইন।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননার পদক, সনদপত্র ও ২ লাখ টাকার চেক তুলে দেন।
জাতীয় পর্যায়ে পাবনার একজন শিক্ষকের এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পুষ্পপাড়া কামিল মাদ্রাসাসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও উৎসবে মেতে উঠেছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা ইমরান হুসাইনের এ অর্জনকে পাবনার শিক্ষা অঙ্গনের জন্যগৌরবের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
পুষ্পপাড়া কামিল মাদ্রাসা সূত্রে জানা যায়, মো. ইমরান হুসাইন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আরবি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আরবি ভাষা ও সাহিত্যে দক্ষ করে তোলা, পাঠকে সহজ ও সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপন এবং শিক্ষার্থীদের নেতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের এই শিক্ষা কার্যক্রম ও অবদানের মূল্যায়ন হিসেবেই জাতীয় পর্যায়ে তিনি ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইমরান হুসাইনের এই জাতীয় স্বীকৃতিতে পুষ্পপাড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইনের জাতীয় পর্যায়ের এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তাঁর এই স্বীকৃতি পুষ্পপাড়া কামিল মাদ্রাসার দীর্ঘ শিক্ষাগত ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁর হাতে সম্মাননা, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেওয়া শুধু এই মাদ্রাসা নয় আমাদের পুরো পাবনার শিক্ষা পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়।
আপনার মতামত লিখুন :