মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
কৃষিজমি কেটে ইট তৈরির মাটি সংগ্রহ এবং সেই জমিতেই অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরে একটি ইটভাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের অভিযানে এ কে বি ব্রিকস ফিল্ডের মালিক মো. আকবর হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ইটভাটার জন্য মাটি সংগ্রহের পাশাপাশি কৃষিজমির ওপরেই ভাটাটি স্থাপন করা হয়েছিল। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়ার কারণে জমির স্বাভাবিক উর্বরতা ও কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পাশাপাশি ইটভাটার কার্যক্রমের কারণে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং প্রশাসনের কাছে বিষয়টি জানান তারা।
অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযানের পরও যেন ওই এলাকায় পুনরায় অবৈধভাবে ইটভাটা স্থাপনের সুযোগ না দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও সেখানে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সচেতন নাগরিকদের ভাষ্য, কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর এমন অপরিকল্পিত ইটভাটা যেন ভবিষ্যতে নতুন করে গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। একই সঙ্গে কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
আপনার মতামত লিখুন :