মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।
সোমবার সকাল ১১টার দিকে উল্লাপাড়া বাজার থেকে শ্যামলী পাড়া অভিমুখী সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শনে যান তিনি। এ সময় সড়কের বিভিন্ন অংশ, নির্মাণাধীন ড্রেন এবং কাজের ব্যবহৃত উপকরণ ও নির্মাণপ্রক্রিয়া ঘুরে দেখেন সংসদ সদস্য। পাশাপাশি স্থানীয় দোকান ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।
স্থানীয় ব্যবসায়ীরা সংসদ সদস্যকে জানান, সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজ নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। কাজের মান, নির্মাণপদ্ধতি এবং কাজ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা অভিযোগ তুলে ধরেন। তাঁদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রফিকুল ইসলাম খান।
পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে এই উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি সরেজমিনে দেখতে তিনি নিজেই নির্মাণকাজ পরিদর্শনে এসেছেন। পরিদর্শনের সময় কাজের কিছু বিষয়ে অনিয়ম তাঁর নজরে এসেছে বলেও জানান তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, সরকারি অর্থে যে উন্নয়নকাজই করা হোক না কেন, সেখানে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়ন করা কোনো প্রকল্পে অনিয়ম, দুর্নীতি কিংবা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। নির্ধারিত নকশা, নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, উন্নয়নকাজের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা উন্নত করা। কিন্তু কাজের মান ঠিক না থাকলে সরকারি অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তাই নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজের বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাঁরা কাজের মান নিশ্চিত করার পাশাপাশি সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ ও সংসদ সদস্যের পরিদর্শনের পর এখন নির্মাণকাজের মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :