মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের পাহাড়ি জনপদে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সায়েম আহমেদ, পিএসসি,জোন উপ-অধিনায়ক, বান্দরবান সদর জোন; এছাড়াও উপস্থিত ছিলেন মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন সদর দপ্তর; বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ইউএনও, বান্দরবান সদর,
ক্যাপ্টেন সামিউল ইসলাম, জিএসও-৩, বান্দরবান রিজিয়ন সদর দপ্তর; আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাব; মোঃ রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার, বান্দরবান; আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এবং মোঃ রফিকুল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, বান্দরবান-সহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে রয়েছে বান্দরবান সদর জোন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে বান্দরবান জেলা প্রশাসন, বান্দরবান ফুটবল ফেডারেশন, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করছে।
উদ্বোধনী দিনে বিকাল ০৩৪৫ ঘটিকায় বান্দরবান জেলা স্টেডিয়ামে রোয়াংছড়ি উপজেলা বনাম রুমা উপজেলা (পুরুষ দল)-এর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়।
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর মূল লক্ষ্য হলো ক্রীড়াকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মধ্যে থেকে তরুণ উদীয়মান প্রতিভার অন্বেষণ, বাফুফে প্রতিনিধি কর্তৃক যাচাই বাছাই সাপেক্ষে, এছাড়াও পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং তরুণ সমাজকে সুস্থ, ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বান্দরবানের মানুষের পাশে থেকে নিরাপত্তা, মানবিক সহায়তা, জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে উপস্থিত দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায়।
“খেলাধুলায় সম্প্রীতি, সম্প্রীতিতে সমৃদ্ধি”—এই প্রত্যয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” বান্দরবানের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
আপনার মতামত লিখুন :